বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’-এর সঙ্গে পাঠাও

বিদ্যানন্দ ফাউন্ডেশনের 'এক টাকায় আহার' কর্মসূচিতে যোগ দিল দেশের অন্যতম ডিজিটাল অ্যাপ ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'পাঠাও'। রন্ধন প্রক্রিয়া থেকে শুরু করে নিজেদের পরিবহন সেবার মাধ্যমে ঢাকার বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারিতেও বিদ্যানন্দ দলকে সর্বাত্মক সহযোগিতা করেছে পাঠাও।

এর আগে, ২০১৬ সালের ১৫ মে না খেয়ে থাকা প্রাথমিক শিক্ষা স্কুলের শিশুদের খাদ্য ঘাটতি পূরণ করতেই বিদ্যানন্দ শুরু করে 'এক টাকায় আহার' কর্মসূচি। এই কর্মসূচিতে পথশিশুরা এখন এক টাকা পরিশোধ করে খাবার কিনে খেতে পারছে। পথশিশু, ভিক্ষুক এবং গৃহহীন ব্যক্তিদের পুষ্টিকর ও স্বাস্থ্য সম্মত খাবার দেয়া চালু হয় মাত্র এক টাকার বিনিময়ে। ক্ষুধার্ত কেউ যেন নিজেদের করুণাপ্রার্থী বলে না মনে করে তার-ই জন্য এই এক টাকা নেওয়া হয়। এই ফাউন্ডেশন বাংলাদেশের পথশিশুদের জন্য পুষ্টিকর, সুষম ও নিরাপদ খাবার নিশ্চিত করতে নিরলস কাজ করে চলেছে।

আরও পড়ুন:  পুরুষের পাশাপাশি নারীরাও সমানভাবে এগিয়ে যাচ্ছে: সিটি মেয়র

শুধু খাবার বিতরণ নয়, খাবারের মানও নিয়ন্ত্রণ করে বিদ্যানন্দ। খাবার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বাক্সে ঢুকানোর আগে প্রধান রাঁধুনী খাবারের গুণগত মান পরীক্ষা করেন। এরপর বিদ্যানন্দ দল বিভিন্ন স্থানে শিশুদের কাছে এক টাকার বিনিময়ে খাদ্য পৌঁছে দেয়। সেই পথ ধরে বাংলাদেশের অন্যতম ডিজিটাল অ্যাপ ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'পাঠাও' যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে পাঠাও এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ খুবই আনন্দিত এবং তারা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি