পারিবারিক ঐতিহ্যের ধারায়

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

বলিউডে নতুন নতুন মুখ উপহার দেওয়ার ব্যাপারে সালমান খানের বিশেষ সুনাম আছে। তার হাত ধরে বলিউডে পা রেখেছেন ডেইজি শাহ, সুরুজ পাঞ্চোলি, আতিয়া শেঠি, আয়ুশ শর্মা, ওয়ারিনা হুসেইনের মতো নতুন নায়ক-নায়িকারা। সালমান প্রায়ই তার নিজের প্রযোজিত সিনেমাগুলোতে নতুনদের ব্রেক দিতে চেষ্টা করেন। যদিও তার পৃষ্ঠপোষকতায় বলিউডে পা রাখা নতুন নায়ক-নায়িকারা পরে তেমন সুবিধা করতে পারেননি। তারপরও সালমান খানের উত্সাহে ভাটা পড়েনি। রুপালি পর্দায় আবারও একজোড়া নতুন মুখের নায়ক-নায়িকা নিয়ে আসছেন তার প্রযোজিত নতুন সিনেমা ‘নোটবুক’-এ। যা মুক্তি পাবে এ সপ্তাহে। এতে জহির ইকবাল ও প্রনুতন বাহলকে দেখা যাবে রোমান্টিক জুটি হিসেবে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত থাইল্যান্ডের সিনেমা ‘টিচারস ডায়েরি’র হিন্দি রিমেক ‘নোটবুক’-এর গল্প আবর্তিত হয়েছে একজোড়া তরুণ-তরুণীর ভিন্ন ধরনের প্রেমকে ঘিরে। কিছুটা বৈচিত্র্যের খোঁজে তরুণ প্রাক্তন আর্মি অফিসার কবির কাশ্মিরের প্রত্যন্ত এলাকায় একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেয়। স্কুলে কাজ করতে গিয়ে একটি পুরোনো নোটবুক পায় সে। এটি ছিল এই স্কুলে কাজ করা তার আগের একজন তরুণী শিক্ষকের। নোটবুকটি ঘাটতে গিয়ে সেই প্রাক্তন শিক্ষক ফেরদৌসের না বলা অনেক কথা জানতে পারে কবির। পড়তে পড়তে একসময় ফিরদৌসের প্রেমে পড়ে যায়।

এরকম একটি প্রেমের গল্পে ফিরদৌসের চরিত্রে অভিনয় করেছেন নতুন মুখ প্রনুতন বাহল। বলিউডে পা রাখা অনেক নতুন নায়িকার ভিড়ে প্রনুতনকে আলাদাভাবে বিবেচনা করতে হবে। কারণ তিনি বলিউডের এক বিখ্যাত তারকা পরিবারের সন্তান। তার বাবা-মা দুজনেই বলিউডে একসময় অভিনয় করতেন। তার বাবা মোহনিশ বাহল আশি ও নব্বই দশকে হিন্দি সিনেমায় নায়ক ও খলনায়ক হিসেবে মোটামুটি ভালো সাড়া ফেলেছিলেন। প্রনুতনের মা একতা সোহিনী আরবাজ খানের বিপরীতে রোমান্টিক সিনেমা ‘সোলা সাতরা’য় নায়িকারূপে আত্মপ্রকাশ করেছিলেন। প্রনুতনের আরও একটি বড় পরিচয় হলো তিনি হিন্দি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতনের নাতনি। নূতনের মা শোবনা সামর্থ্য ছিলেন হিন্দি সিনেমার ইতিহাসের আরেক উজ্জ্বল নক্ষত্র। সেই হিসেবে প্রনুতন শোবনা সামর্থ্যের প্রপৌত্রি। হিন্দি সিনেমার আরেক আলোচিত অভিনেত্রী তনুজা প্রনুতনের দাদির বোন। সেই সূত্রে কাজলও তার পিসি মানে ফুপু। ফ্যামিলির সবাইকে অভিনয় জগতে বিচরণ করতে দেখে প্রনুতনেরও মনে অভিনয়ের ইচ্ছে জাগে। তবে অভিনয়ে নামার আগে লেখাপড়াটা শেষ করার পরিকল্পনা ছিল তার। সেই হিসেবেই পড়াশোনার শেষ করে ফিল্মে এসেছেন বলিউডের এই নতুন মুখ। অনেকেই তার মধ্যে পুরোনো দিনের অভিনেত্রী তার দাদি নূতনের আদল খুঁজে পেয়েছেন। নূতনের নাতনি কিংবা মোহনিশ-একতা দম্পতির কন্যা হিসেবে বিশেষ সুযোগ নিয়ে এগোতে রাজি নন প্রনুতন। তিনি বলেছেন, ‘আমার অনেক দুর্বলতা ও সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমি নিজের চেষ্টা ও যোগ্যতায় এগোতে চাই বলিউডে।’