আশুলিয়ার আগুন: ঘটনায় আরো এক নারী শ্রমিকের মৃত্যু

 
সাভারের আশুলিয়ায় গ্যাসলাইটার কারখানার অাগুন লাগার ঘটনায় দগ্ধ আরো এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মাহমুদা আক্তার জলি (২৮)। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।
 
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানন, সোমবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জলির শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। 
 
নিহতের ভাই বাবু মিয়া জানান, তাদের বাড়ি সিরাজগঞ্জ শহরের সদর এলাকায়। জলি আশুলিয়ার জিরাবো এলাকায় থাকতেন। 
 
গ্যাসলাইটার কারখানায় আগুন লাগায় ঘটনায় দগ্ধ আরো ১৭ জন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। 
 
গত ২২ নভেম্বর আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাক্স লিমিটেড নামের গ্যাসলাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
 
ইত্তেফাক/এএসএস