রাজশাহী কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন।
সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে কলেজ অধ্যক্ষ মোহা. হরিবুর রহমান লাঞ্ছিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিল বের করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করার চেষ্টা করে। এ সময় কলেজ হোস্টেল থেকে ছাত্রলীগের একটি মিছিল এসে সেখানে পৌঁছে। ছাত্রলীগের মিছিল থেকে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন উস্কাকিমূলক স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে আসে। এ নিয়ে উভয় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এ সময় অধ্যক্ষ প্রফেসর মোহা. হবিবুর রহমান লাঞ্ছিত হন।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন খান সাংবাদিকদের বলেছেন, ছাত্রদল মিছিল বের করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। এনিয়ে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি