সন্ত্রাসী দলের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হতে পারে না : হাছান মাহমুদ

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোন সন্ত্রাসী বা যুদ্ধাপরাধী দলের  সংলাপ হতে পারে না। 
 
তিনি বলেন, ‘সংলাপ হয় রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের। কিন্তু কোন রাজনৈতিক দল যখন সন্ত্রাসী দল হয় এবং কোন দল যুদ্ধাপরাধী দল হিসেবে প্রতিষ্ঠিত হয় সে দলের সঙ্গে কোন রাজনৈতিক দলের সংলাপ হতে পারে না।’ 
 
সোমবার সকালে তিনি ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য এবং চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, বিএনপি পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যার জন্য ক্ষমা চাইলে এবং যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সঙ্গে জোট পরিত্যাগ করলে আওয়ামী লীগের সঙ্গে যে কোন রাজনৈতিক দলের সংলাপ হতে পারে। 
 
প্রতিবেশী দেশ মায়ানমারের সংঘাতকে কাজে লাগিয়ে কোন অশুভ শক্তি যাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। 
 
সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। 
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা পরিষদের সভাপতি মো. জিন্নাত আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল ও সহ-সভাপতি চন্দন কুমার ঘোষ।-বাসস।
 
ইত্তেফাক/ইউবি/এমআর