বগুড়ায় বাসের ধাক্কায় ছেলে নিহত, বাবা আহত

বগুড়ায় স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় সোহেব হাসান ((৮) নামে এক শিশু নিহত হয়েছে ।
 
সোমবার সকালে শহরের সাবগ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সোহেব হাসানের বাবা সবুজ গুরুতর আহত হয়েছেন। 
 
সোহেব শহরতলীর সাবগ্রাম চাঁদপাড়ার সবুজের ছেলে এবং শহরের ডিআরএন স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র । 
 
পুলিশ  জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সবুজ তার মোটরসাইকেলে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন । শহরের সাবগ্রাম বটতলা এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকাগামী একটি  বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু সোহেব। এ সময় গুরুতর আহত হন সবুজ।
 
 বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (টিএসআই) শফিকুল ইসলাম শফিক জানান,  বাসটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/ইউবি