শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা

সারাদেশ বিনোদন ডেস্ক

 

শান্তিনগরস্থ গোল্ডেন এরা কিডস স্কুল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। গোল্ডেন এরার সাথে অংশগ্রহণ করে লিটল মাস্টার স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে ছিলেন টইটম্বুর পত্রিকার উপদেষ্টা শিল্পী সবিহ-উল আলম। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ছোট ছোট শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, ছড়া ও কবিতার নান্দনিক উপস্থাপনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। গাল্ডেন এরা কিডস স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪টি বিভাগে পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি রাসেল আহমেদ, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. এমএ মুক্তাদীর, প্রাকৃতধারার প্রধান সমন্বয়কারী মো. রিফাত আমিন ও আহনাফ আমীর আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলগাঁও মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মো. আবদুল হামিদ। অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সকল শিক্ষক।

প্রধান বিচারক শিল্পী সবিহ-উল আলম তার বক্তব্যে বলেন, ‘আয়োজনটি চমত্কার এবং অনন্য একটি উদ্যোগ। ছবি আঁকার বিষয় ইচ্ছেমতো আঁক, অর্থাত্ স্বাধীনতা দিবসে অবাধ স্বাধীনতা। শিশুদের সৃজনশীল কাজে কখনো শর্তারোপ করতে নেই। গোল্ডেন এরা ও লিটল মাস্টার স্কুল শিশুদের বিষয়ে সবসময় বিশেষভাবে চিন্তা করে এটি তাদের নিজস্বতা। আগামীতেও বিদ্যালয় কর্তৃপক্ষ এভাবেই এগিয়ে যাবে।’ 

আলোচনা সভায় আগত অথিতিবৃন্দ তাদের বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি জাতীয় দিবসগুলো পালনের এই যে প্রয়াস তার প্রশংসা করেন।

বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ হীরা তার বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাত্পর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশের প্রতি ভালোবাসা, সৃষ্টিশীল ও শ্রদ্ধাশীল করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান।