বিনোদন রিপোর্ট
দেশের জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হয় ২৬ মার্চ। ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পদার্পণ করলো চ্যানেলটি। এ উপলক্ষে টিভি কার্যালয়ে বর্ণাঢ্য মিলনমেলা ও অনুষ্ঠানমালার আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। সাধারণ দর্শক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, অভিনেতা-অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠানের সাংবাদিক ও কলাকুশলীসহ সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদযাপিত হয় ১০ম দেশ উত্সব। এ উপলক্ষে দেশ টিভির স্টুডিও থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয় দেশ উত্সব উদযাপন। গান-কবিতায় সাজানো অনুষ্ঠানটিতে গানের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতি দেখা যায়। সঙ্গীত পরিবেশন করেন বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, ডালিয়া আহমেদ, রুমানা ইসলাম, চম্পা বনিক, মফিজুর রহমান, স্বরলিপি, সুজন আরিফ, কিরণচন্দ্র রায়, অনিমা মুক্তি গোমেজ, দিঠি আনোয়ার ও মামুন জাহিদ খান। কবিতা আবৃত্তি করেন হাসান আরিফ, আহকামউল্লাহ প্রমুখ।
সিঁথি সাহার উপস্থাপনা ও বুলবুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি সকাল ১০টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়। দেশ উত্সব আয়োজনের সন্ধ্যাতেও ছিল বিশেষ আয়োজন।
স্বাধীনতা দিবস ও দেশ টিভির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে বনানীর ট্যাগর ট্যারেস স্টুডিওতে ‘গানের সন্ধ্যা’ শিরোনামে একটি বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজন হয়। এ অনুষ্ঠানে কিংবদন্তী শিল্পী সুবীর নন্দীর উপস্থিতিতে সদ্যপ্রয়াত শাহনাজ রহমতুল্লাহ ও সুবীর নন্দীর গান পরিবেশন করেন বর্তমান প্রজন্মের শিল্পী দিনাত জাহান মুন্নি ও বাদশা বুলবুল। আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচার করা হয়।