কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার

 
ব্রাজিলের প্রথম বিভাগের একটি ফুটবল দল সহ মোট ৮১ জনকে নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটি থেকে কমপক্ষে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইয়াহু নিউজ। এসোসিয়েট প্রেসের বরাত দিয়ে তারা জানায়, দুর্ঘটনায় মোট কতজন মারা গেছে তা নিশ্চিত করে না জানালেও ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
 
এর আগে সোমবার মধ্যরাতে বলিভিয়া থেকে মেডেলিন বিমানবন্দরে যাচ্ছিল বিমানটি। মধ্যপথে এই দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকারী দল প্রেরণ করে কলম্বিয়ার সরকার। দেশটির বিমান বাহিনী, সেনা বাহিনী ও পুলিশ যৌথভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করছে।
 
বিমান কর্তৃপক্ষ জানায়, ৭২ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কলম্বিয়ার পাহাড়ি অঞ্চলে এই দুর্ঘটনা হওয়ায় উদ্ধার অভিযান শুরু করতে কিছু বিলম্ব হয়। উদ্ধারকারী দলটি ছয় জনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।
 
এদিকে ফুটবল দলটি সম্পর্কে এখনও কিছু জানায়নি কলম্বিয়ান কর্তৃপক্ষ। ইয়াহুনিউজ ও এপি।
 
ইত্তেফাক/আরএ