রাজশাহীতে ছুরিকাঘাতে পিয়নকে হত্যা

রাজশাহীতে জীবন বীমা কর্পোরেশনের পিয়নকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পৌণে ২টার দিকে নগরীর বুলনপুর মন্দিরের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ওই রাসেল ইসলাম (২০) নগরীর ঘোষপাড়ার হাফিজুল ইসলামের ছেলে।
 
এ ঘটনায় শাকিল হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশের সোপর্দ করেছে নিহতের স্বজনরা। শাকিল নগরীর বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। তিনি ঘটনার পর হাসপাতালে আসেন খোঁজ-খবর নিতে। এসময় রাসেলের স্বজনরা তাকে দেখতে পেয়ে ধরে মারপিট করতে থাকেন। পরে পুলিশ গিয়ে শাকিলকে আটক করে।
 
স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার খাওয়ার জন্য বাইসাইকেল নিয়ে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জীবন বীমা কার্যালয় থেকে বের হয়ে নগরীর কোর্ট ঘোষপাড়ার বাড়িতে যাচ্ছিলেন রাসেল। পূর্ব শত্রুতার জের ধরে নগরীর বুলপুর এলাকার রবিউল ইসলাম রবির ছেলে হৃদয় হোসেন এবং মোজামের ছেলে মুন্না হোসেন মঙ্গলবার দুপুর পৌণে ২টার দিকে নগরীর বুলনপুর মন্দিরের নিকট জীবন বীমা কর্মী রাসেলকে ঘিরে ফেলেন। এরপর তারা উপর্যুপরি রাসেলের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে রাসেল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ইনচার্জ এমদাদুল হক। তিনি জানান, হাসপাতালে আনার আগেই রাসেল মারা গেছেন। নিহত রাসেল রাজশাহী জীবন বীমা কর্পোরেশন অফিসের অফিস পিয়ন ছিলেন। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন বলেন, কয়েকদিন আগে ফুটবল খেলা নিয়ে এলাকায় ঝামেলা হয়েছিল। এরই জের ধরে রাসেলকে হত্যা করা হতে পারে।
 
 
ইত্তেফাক/এমআই