উপজেলা সদর ও চালনা পৌরসভার প্রধান সড়কটি দীর্ঘদিন যাবত্ মরণ ফাঁদে পরিণত হয়েছে। বড় বড় খানা-খন্দে ভরা জনগুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে যানবাহন ও জন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ ১৯৯৬ সালে উপজেলা সদর চালনার প্রধান সড়কটি পিচ ঢালাই করা হয়। এরপর সড়কটি আর আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। এই সড়কটি দিয়ে এ উপজেলাসহ আশ-পাশ উপজেলার বিভিন্ন অঞ্চলের হাজার হাজার লোক যাতায়াত করে থাকে; কিন্তু দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় পিচ ঢালাই উঠে সড়কটিতে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হওয়ায় জন চলাচলের অনুপযোগী হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এমনকি সড়কটিতে যানবাহন চলাচলতো দূরের কথা পায়ে হেঁটে চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। যে কারণে সড়কটিতে অহরহ দুর্ঘটনা লেগেই আছে। এমনকি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহতসহ পঙ্গুত্ববরণ করেছে এ এলাকার অনেক লোক। জনগুরুত্বপূর্ণ সড়কটির এহেন বেহাল হলেও এ পর্যন্ত জনপ্রতিনিদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। এ ছাড়া আচাভুয়া বাজার থেকে গোড়কাটি এনামূলের স মিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ইট সোলিং সড়কটিরও এইক অবস্থা বিরাজ করছে। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ইতিমধ্যে আমরা সড়কটি সস্কারের উদ্যোগ নিয়েছি এবং টেন্ডারও দেয়া হয়েছে। খুব শীর্ঘই সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।’
ইত্তেফাক/এএন