ঢাবিতে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চিত লেখাপড়া

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার টান সিদলা গ্রামের রিক্শা চালক চাঁন মিয়ার ছেলে দ্বীন ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থাভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার লেখাপড়া। দ্বীন ইসলাম ব্যবসায় শিক্ষা শাখা থেকে এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থীর মধ্য থেকে সম্মিলিত মেধা তালিকায় ৩২৬তম হয়েছে। গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত  পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১২৮৬০৭। সে নিজ চেষ্টায় ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন করেছে।

 
দ্বীন ইসলামের বাবা চাঁন মিয়া ৩০ বছর যাবত্ রিক্শা চালিয়ে কোনো রকম দিন পার করছেন। এ অবস্থায় ছেলের লেখাপড়ার খরচা মিটিয়ে নেয়া তার পক্ষে সম্ভব নয় বিধায় বেশ দুশ্চিন্তায় আছেন। চলতি মাসের মধ্যেই তাকে ভর্তি হতে হবে। দ্বীন ইসলামের বাবা-মা সমাজের বিত্তশালীদের সহায়তা কামনা করেন।
 
ইত্তেফাক/এএন