বগুড়ার ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে সহিংস ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউয়িনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রঘুনাথপুর গ্রামের জহুরুল ইসলাম (৭৫), তার স্ত্রী সালেহা খাতুন (৬৫), ছেলে লিমন মিয়া (৩০), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রঘুনাথপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে বাবুল ইসলাম (৪৫), তার ছোট ভাই রুবেল ইসলাম (৪০) ও নুরুন্নবীর স্ত্রী শামিমা খাতুন (২৫)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/কেকে