এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টিভি’র সিইও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে একটি মানহানির মামলা দায়ের করেছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
গত ২৯ নভেম্বর ঢাকায় প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান এবং মোজাম্মেল বাবু ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন।
বাদীর পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ২০১৭।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দুপুরে ঢাকা ক্লাবে মিডিয়া ইউনিটির এক সমাবেশে বিজ্ঞাপন জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে `নব্য সাংস্কৃতিক রাজাকার’ বলে মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান ওইদিন বলেন, ‘একটি জালিয়াত চক্র বিদেশি চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন প্রচার করছে, আমি বলি, যে ব্যক্তি এই কাজ করছে তার সঙ্গে আমার ঘনিষ্ট সম্পর্ক এবং পরিচয় আছে। তিনি আমাদের সাগর ভাই। সাগর ভাই আপনাকে বলবো- এই কাজ বন্ধ করেন। মানিলন্ডারিং বন্ধ করেন। দেশীয় প্রতিষ্ঠানের বুকে লাথি মারবেন না’।
ঐ সভায় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের চেয়ারম্যান সালমান এফ রহমান, একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ৭১ টিভির নির্বাহী প্রধান ও মিডিয়া কমিটির আহ্বায়ক মোজাম্মেল বাবু, অভিনেতা জাহিদ হাসান, নির্মাতা গাজী রাকায়েতসহ গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
ইত্তেফাক/এমএআর