সেবার মনোভাব নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে : তাসমিমা হোসেন

দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও ঐতিহ্যবাহী টি ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি তাসমিমা হোসেন বলেছেন, প্রত্যেক মানুষ মানুষের জন্য কিছু করলে সমাজের সব অসঙ্গতি দূর হবে। এ জন্য দুঃস্থ অসহায় মানুষের সেবার মনোভাব নিয়ে আমাদের এগিয়ে আসতে হবে। 
 
বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ঐতিহ্যবাহী টি ফ্যামিলির ব্যবহৃত শতবর্ষ পূর্বের ইঁদারা (কুয়া) সংস্কার কাজ ও চন্দনবাড়ি টি ফ্যামিলি ফাউন্ডেশন লাইব্রেবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
IMG0
তাসমিমা হোসেন বলেন, কিছু মানুষের জন্য কিছু সেবা করতে তিনি ও তার পরিবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে সকলের সহায়তায় পাঠাগার, চক্ষু ক্লিনিক, ডায়াবেটিক সেবা কেন্দ্র ও নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা ব্যক্ত করে বলেন, যার যার অবস্থান থেকে আমাদেরকে সমাজ ও দেশের জন্য কাজ করে যেতে হবে। আর এজন্য দরকার সম্মিলিত উদ্যোগ। তাহলেই গবিব, দুঃস্থ-অসহায় নারী পুরুষদের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।   
 
তিনি বলেন, মানুষের চিন্তা বিকাশের অন্যতম ভিত্তি হল পাঠাগার। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ পাঠাগারে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে এবং আত্মসচেতন হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।  
IMG1
তিনি আরো বলেন, প্রশিক্ষণের অভাবে অনেক নারী সমাজের আয়বর্ধক কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারে না। তাই নারীরা যাতে প্রশিক্ষণ গ্রহণ করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে এজন্য তিনি নারী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং এই এলাকায় একটি নারী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ইচ্ছার কথা ব্যক্ত করেন। 
 
চন্দনবাড়ী ঐতিহ্যবাহী টি ফ্যামিলির সদস্য গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের পরিচালক মহিবুল আহসান শাওন, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশীষ সৈকত, দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলী, দৈনিক ইত্তেফাকের দিনাজপুরের স্টাফ রিপোর্টার মো. মতিউর রহমান, ঐতিহ্যবাহী টি ফ্যামিলি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম সাজ্জাদ, দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ঐতিহ্যবাহী টি ফ্যামিলির সদস্য আল্লামা রেজা পাহলভী বিপ্লব, মো. সারওয়ার নাসের বিদ্যুৎ, মো. ফরিদুল আলম হিরু, তোফাজ্জল হোসেন, আবু সাঈদ বাবু, মো. শাহনেওয়াজ করিম, আমিনুল পাশা দুলাল, নজরুল ইসলাম, মজাম্মেল হক, সাংবাদিক মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন। 
IMG2
সুধী সমাবেশ শেষে তিনি চন্দনবাড়িতে অবস্থিত পরিবারের বিভিন্ন ঐতিহ্য ঘুরে দেখেন এবং পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন। পরে ঐতিহ্যবাহী টি ফ্যামিলি ব্যবহৃত শতবর্ষ পূর্বের ইঁদারার (কূয়া) সংস্কার কাজের শুভ উদ্বোধন এবং ঐতিহ্যবাহী টি ফ্যামিলি ফাউন্ডেশন লাইব্রেবির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি লাইব্রেরিতে বেশ কিছু বই ও ম্যাগাজিন বিতরণ করেন।  
 
এর আগে তিনি চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কের পাশে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।  তিনি চন্দনবাড়ি পৌঁছলে টি ফ্যামিলির সদস্যরা তাকে ফুলেল অভ্যর্থনা জানান। 
 
 
ইত্তেফাক/ইউবি