টি টুয়েন্টি ক্রিকেটে দলীয় সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড গড়ে এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের চতুর্থ ম্যাচে লজ্জার হারের স্বাদ পেলো বাংলাদেশের মেয়েরা। বুধবার টুর্নামেন্টের নবম ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
চতুর্থ ম্যাচে এটি দ্বিতীয় হার বাংলাদেশের। ব্যাংককের এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নামে বাংলাদেশ। পাকিস্তান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে ২৭ বল বাকি থাকতেই ৪৪ রানে অলআউট হয়ে যায় তারা। যা টি-২০ ক্রিকেটে সর্বনিম্ন দলীয় স্কোর। দলের পক্ষে দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করেছেন।
অধিনায়ক রুমানা আহমেদ ও জাহানারা আলম। রুমানা ১১ ও জাহানারা ১২ রান করেন। পাকিস্তানের সানা মির ৫ রানে ৩ উইকেট নেন। জবাবে ৬১ বল বাকি রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাকিস্তান। জাভেরিয়া খান ২৬ ও ইরাম জাভেদ ১৭ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। আগামী ৩ ডিসেম্বর লিগ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকইনফো।
ইত্তেফাক/এসএসএ