আবারো একসঙ্গে নুসরাত ফারিয়া-জিৎ

জিৎ ও শুভশ্রী অভিনীত ছবি বস ২০১৩ সালে ভারতে মুক্তি পায়। বাণিজ্যিক সফলতাও পায় সিনেমাটি। এ সফলতার রশি ধরেই এবার আসছে বস’র সিক্যুয়াল। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে নতুন এ সিনেমাটি। তবে মূল খবর হলো, এবার জিৎ’র বিপরীতে শুভশ্রী না, দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। 
 
ফারিয়া ও জিৎকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাদশা’ সিনেমায়। এরমধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। ‘বাদশা’র সাফল্যের কারণে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ মিলল দুই দেশের দুই তারকার। ফারিয়া বলেন, আবারও ভালো একটা কাজের সুযোগ পাচ্ছি। বাদশা ছবির টিমই এখানেও কাজ করবে। তাই নতুন কাজটিও ভালো হবে আশা করছি। 
 
এখনো চুক্তিবদ্ধ না হলেও ফারিয়ার বিপরীতে জিতের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অংশের প্রযোজক ও নির্মাতা আবদুল আজিজ। তিনি বলেন, চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। জানুয়ারি থেকে শিডিউলও দিয়েছেন জিৎ। 
 
উল্লেখ্য, বস ২ চলচ্চিত্রের কলকাতার পরিচালক হিসেবে থাকছেন বাবা যাদব। বস’র প্রথম পর্বের নির্মাতাও তিনি ছিলেন।
 
ইত্তেফাক/এমএআর