যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পার্বত্য পর্যটন এলাকায় দাবানলে সাত জনের প্রাণহানি হয়েছে। এতে কয়েকশো স্থাপনা বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি জানায়, টেনেসির পূর্বাঞ্চলে প্রায় এক দশকের ভয়াবহ খরায় শুকিয়ে যাওয়া গাছপালা ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে ঐ এলাকায় দুটি পর্যটন শহর হুমকির মুখে পড়েছে।
IMG0
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে সাত জনের প্রাণহানি হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এদের মধ্যে একটি বাড়ি থেকে তিন জন, একটি পুড়ে যাওয়া হোটেল থেকে একজন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঐ এলাকার একটি হাসপাতালে ৪৫ জনের চিকিৎসা চলছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের গাটিনবরা শহর কর্তৃপক্ষ বাধ্যতামূলক অপসারণ সতর্কতা তুলে নিয়েছে। তবে সেখানে কিছু বিধিনিষেধ এখনও বহাল আছে।
IMG1
পিজিয়ন ফোর্জ ও গাটিনবরা শহর দুটি সেভিয়ার কাউন্টিতে অবস্থিত। সেভিয়ার কাউন্টির মেয়র ল্যারি ওয়াটারস বলেন, চলতি সপ্তাহে ৭০০ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
টেনেসির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, এ এলাকায় বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং গাছ ও বিদ্যুতের লাইন পড়ে অসংখ্য রাস্তাঘাট বন্ধ ও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/এএসএস