সন্ত্রাসী হামলায় আহত আনসার সদস্যের মৃত্যু

 
জেলার বেনাপোল বন্দরের নিরাপত্তা কর্মী চোরাকারবারীদের হামলায় আহত আনসার সদস্য ফিরোজ হোসেন (২৬) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বুধবার রাত ১০টার দিকে তিনি মারা যান। 
 
ফিরোজ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বকশীপুর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও নিহতের সহকর্মীরা জানান, গত ২৬ অক্টোবর বেনাপোল বন্দর থেকে আমদানি পণ্য চুরির সময় খোকন ও তৌহিদুর নামে দুই জন চোরাকারবারীকে ৮ কেজি তামা জাতীয় পণ্যসহ আটক করে পুলিশে সোপর্দ করে আনসার সদস্য ফিরোজ।
 
কয়েকদিন পর তারা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে আনসার সদস্য ফিরোজের ওপর প্রতিশোধ নিতে গত ১৫ নভেম্বর রাত ৮টার দিকে হামলা চালায়। এসময় তারা ফিরোজকে ধারালো দা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে যশোর ২৫০-শয্যা হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে