অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বৃহস্পতিবার হাঙরের আক্রমণে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। হাঙরের আক্রমণে ওই ব্যক্তির হাত ও পা ক্ষতবিক্ষত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
৬৫ বছর বয়সী লোকটি কোন রকমে হাঙরের কবল থেকে নিজেকে মুক্ত করে সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সিডনি থেকে ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তরে ফরেস্টের কাছে সেভেন মাইল বিচে এ ঘটনা ঘটে।
নিউক্যাসল হেরাল্ড পত্রিকা জানিয়েছে, সাদা হাঙরটি ৩.৫ মিটার (১১ফুট) দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে। প্যারামেডিকসরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সৈকতটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ