চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিলেন জেপি নেতা সালাহ উদ্দীন মাহমুদ

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোয়নপত্র জমা দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ। 
 
বৃহস্পতিবার  দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় সঙ্গে ছিলেন অধ্যাপক ডা. এনামুল হক চৌধুরী, নাসির উদ্দিন, নুরুল ইসলাম, (বাবুল), ডা. মাশুক উদ্দিন আহমদ, মাস্টার আবদুল হক প্রমুখ। 
 
মনোনয়নপত্র জমা শেষে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, সরকার জেলা পরিষদকে আরো শক্তিশালী করতে নির্বাচন আয়োজন করেছে। এ নির্বাচনকে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। 
 
আগামী ২৮ ডিসেম্বর কক্সবাজার জেলা পরিষদের নির্বাচন। এতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বর্তমান জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এএইচ সালাহউদ্দিন মাহমুদ।
 
ইত্তেফাক/ইউবি