চাঁদে পা রাখা দ্বিতীয় মানব দক্ষিণ মেরু অভিযানে অসুস্থ

চাঁদে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিনকে অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ মেরু থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে। ৮৬ বছর বয়সী এই নভোচারী অ্যান্টার্কটিকার একটি পর্যটক দলের সঙ্গে ভ্রমণ করছিলেন।
 
অসুস্থ হয়ে পড়লে তাকে মার্কিন অ্যান্টার্কটিক প্রোগ্রামের রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পর্যটন প্রতিষ্ঠান হোয়াইট ডেজার্ট ট্যুর কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, অলড্রিনের শরীরের অবস্থা অবনতি হলে পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে সরিয়ে নেয়া হয়।  চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি এখন ভালো আছেন।
 
অ্যান্টার্কটিকায় এই সফর সম্পর্কে টুইট করে জানিয়ে ছিলেন অলড্রিন। মজা করে বলেছিলেন, অ্যান্টার্কটিকার ঠাণ্ডায় শীতের পোশাকে তুলনামূলক কম নির্ভর করবেন তিনি।
 
উল্লেখ্য, নাসার অ্যাপোলো ১১ মিশনের অংশ ছিলেন বাজ অলড্রিন। ১৯৬৯ সালের এই অভিযানে নেইল আর্মস্ট্রংয়ের নেতৃত্বে প্রথম মনুষ্যবাহী মহাকাশ যানে করে চাঁদে পা রাখে মানুষ। নেইল আর্মস্ট্রংয়ের পরে দ্বিতীয় মানুষ হিসেবে বাজ অলড্রিন চাঁদের বুকে পা রাখেন তিনি।
 
IMG0
 
সাম্প্রতিক সময়ে হিট মার্কিন টেলিভিশন শো বিগ ব্যাং থিওরি, দ্য সিম্পসন ও থার্টি রকে অতিথি চরিত্রে রূপায়ণ করেছেন তিনি। ২০০২ সালে এক ব্যক্তি তাকে বাইবেল ছুঁয়ে বলতে বলে যে মানুষের চন্দ্র অভিযান বানোয়াট কি না। তখন সেই ব্যক্তিকে ঘুষি মেরে আলোচিত হয়েছিলেন তিনি। 
 
সাম্প্রতিক সময়ে মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করতে আহ্বান জানিয়ে ছিলেন তিনি। ২০১৫ সালে বিবিসি রেডিও ৪ এর সঙ্গে কথোপকথনে তিনি বলেন, আমরা মঙ্গলে উপনিবেশ স্থাপনের জন্য প্রস্তুতি নেয়া শুরু করব। আমার মনে মনে ইতিমধ্যে সেটা শুরু করে দিয়েছি। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ