দিল্লীর চলচ্চিত্র উৎসবে ‘গোপন’

‘গাড়িওয়ালা’র সাফল্যের পরে আশরাফ শিশির নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন দ্যা ইনার সাউন্ড’। শনিবার ৩ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত ভারতের নয়াদিল্লীর ‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
 
উৎসবটিতে ৬৮ দেশের ২১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’ এখন পর্যন্ত ৩০টি দেশের ৮৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করে এবং ১টি জাতীয় পুরস্কারসহ সর্বমোট ২৬টি আন্তর্জাতিক পুরস্কার পায়।
 
তিনি বলেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসাবে এই উৎসবে  প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ‘গোপন’র অংশগ্রহণ আমাদের জন্য সত্যিই আনন্দের।
 
থ্রিলারধর্মী ছবিটিতে আন্ডাগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্ত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন কীভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয়–তা দেখানো হয়েছে।
 
ছবিটিতে অভিনয় করেছেন-কাবেরী রায় চৌধুরী, সুমনা সোমা, ইমরান ইমু, লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সিরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, রুদ্রনীলসহ কয়েক’শ নাট্যকর্মী।
 
প্রযোজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক এবং ডিজিসুগার এলএলসি।
 
ইত্তেফাক/এমএআর