ইরান বিরোধী ১০ বছর মেয়াদী নিষেধাজ্ঞার বিলে সই করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই আভাস দিয়েছে হোয়াইট হাউজ।
শুক্রবার হোয়াইট হাউজের উপ-প্রেস সচিব এরকি শুল্তজ জানিয়েছেন, 'ইরান বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করা জরুরি নয়, এই আইন ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করবে না বলেই মনে করি।'
প্রেসিডেন্ট ওবামা আইনটিতে সই করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ৯৯-০ ভোটে ইরান স্যাংশন্স অ্যাক্ট (আইএসএ) পাস হয়। এরপর এটিকে আইনে পরিণত করার জন্য প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হয়েছে। এর আগে মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গতমাসে বিলটি ৪১৯-১ ভোটে পাস হয়। আইনটি নবায়ন করা না হলে আগামী ৩১ ডিসেম্বর আমেরিকার পক্ষ থেকে ইরানের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যেত।
ইরানের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বন্ধ করতে ১৯৯৬ সালে প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন সরকার।
ইত্তেফাক/এএম