‘আমেরিকান কর্নার রাজশাহী’র উদ্বোধনীতে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, 'পুরো বিশ্বে ৪ হাজার আমেরিকান কর্নার রয়েছে। বাংলাদেশেও রয়েছে আমেরিকান অ্যাম্বেসি কর্নার, অনলাইন গবেষণা। যদি কোনো শিক্ষার্থী চায় আমেরিকায় স্টাডি করতে, তাহলে সে এখানে এসে জানতে পারবে আমেরিকার অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার প্রসেসগুলো'। বুধবার দুপুরে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে 'আমেরিকান কর্নার' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেব, 'আমেরিকান কর্নার বাংলাদেশের সিভিল সোসাইটির সঙ্গে আমেরিকার ডেমোক্রেসি শেয়ার করে।  আজ এবং আগামীতে বার বার বলতে চাই, যেসব বাংলাদেশী শিক্ষার্থী আমেরিকায় পড়তে গিয়েছে তারা সবাই সুপারস্টার। বিশ্ব জানে বাংলাদেশী শিক্ষার্থীদের। একাডেমিক সিরিয়াসনেস যারা আমেরিকান সব কলেজেই এপ্লাই করতে পারে। তারা একাডেমিক এবং স্যোসাল স্টার। ২০১৮ সালে ৭ হাজার ৪৯৬ জন বাংলাদেশী শিক্ষার্থী আমেরিকায় উচ্চ শিক্ষার জন্য গিয়েছে'। 

তিনি আরও বলেন, 'ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষানগরী এবং ঐতিহ্যবাহী রাজশাহীতেও এটি চালু হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্ণার শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকর হবে। এটি সব শ্রেণিপেশার মানুষেরই কাজে লাগবে। কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে, তা এখান থেকে জানা যাবে। এটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজে পরিপূর্ণ একটি একটি তথ্যকেন্দ্র'। 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, 'বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীরা খুবই মেধাবী ও ভালো। এ কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বেশি পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে। আগামীতে এ ধারা আরও বৃদ্ধি করা হবে'। পরে রাষ্ট্রদূত ফিতা কেটে 'আমেরিকান কর্ণার' উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান খান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূর-ই-সায়ারার স্নচালনায় এবং কানিজ হাবিবা রূপা, শেখ সেমন্তি, জোবায়দা শিরিণ জ্যোতি ও সিমিন শবনম লোপার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য কামরুন রহমান খান, ট্রেজারার প্রফেসর তারিক সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার মো. মহিউদ্দীন, পরিচালক (অডিট) সিদ্দিকুর রহমান খান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, সহকারী পরিচালক (প্লানিং এন্ড ডেভেলপমেন্ট) সিরাজুর রহমান, আমেরিকান কর্নার রাজশাহীর কো-অর্ডিনেটর আইরিন সুলতানাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন। 

ধন্যবাদ জ্ঞাপন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং যুক্তরাষ্ট্রে ইমোরী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও গবেষক প্রফেসর ড. রাশেদুল হক। তিনি রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও তার স্ত্রী মিখেল অ্যাডেলম্যানকে বাংলার  ঐতিহ্যবাহী নকশিকাঁথা ও রাজশাহী সিল্ক শাড়ি উপহার দেয়া হয়। প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩

এদিকে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘরে পৌঁছালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান তাঁকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর এ আর এম আব্দুল মজিদ উপস্থিত ছিলেন। তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত নিদর্শনাদি ঘুরে দেখেন। রাষ্ট্রদূত সেখানে সংরক্ষিত পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন। পরে রাষ্ট্রদূত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।

ইত্তেফাক/জেডএইচডি