নওগাঁয় ট্রাক্টর চাপায় যুবকের মৃত্যু

নওগাঁর রাণীনগরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সজিব আহম্মেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী উপজেলার নান্দায়বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সজিব আহম্মেদ উপজেলার রসুলপুর গ্রামের মৃত নান্টু মাস্টারের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সজিব আহম্মেদ মোটরসাইকেল চালিয়ে নওগাঁ শহরের দিক থেকে তার নিজ বাড়ি রসুলপুর যাচ্ছিলেন। পথের মধ্যে নান্দায়বাড়ি পৌঁছালে বিপরীতদিক থেকে ধান বোঝাই আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলেই সজিব মারা যান।
 
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।