রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন শনিবার দুপুরে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও রাজপাড়া থানার নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রামাণিক এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এতে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এরা হলেন, সাধারণ সদস্য প্রার্থী আবু সাঈদ আনোয়ারী ও নিত্ত নন্দন মন্ডল এবং সংরক্ষিত সদস্য প্রার্থী ইফফাত আরা কামাল।
আবু সাঈদ আনোয়ারী ও নিত্ত নন্দন মণ্ডলের নির্বাচনী হলফনামায় তাদের স্বাক্ষর ছিল না। আর ইফফাত আরা কামালের এসএসসির সনদের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত জন্ম তারিখের মিল নেই। এ কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাধারণ সদস্য প্রার্থী আবদুস সালাম, নূর মোহাম্মদ তুফান এবং সংরক্ষিত সদস্য কৃষ্ণা দেবী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
ইত্তেফাক/ইউবি