দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলগুলো শনিবার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছে। এদিকে আয়োজকরা জানান, সাপ্তাহিক নতুন বিক্ষোভে লাখ লাখ লোক অংশ নিবে বলে ধারণা করা হচ্ছে।
 
আইনপ্রণেতারা জানান, প্রেসিডেন্টের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিশংসন বিষয়ে আগামী শুক্রবার জাতীয় সংসদে ভোটাভুটি হবে। দেশটির তিনশ’ আসন বিশিষ্ট পরিষদের ১৭১ জন আইনপ্রণেতা এ পদক্ষেপের প্রতি সমর্থন দেন। সংসদের অধিকাংশ আসন যৌথ বিরোধী কমান্ডের হাতে থাকলেও প্রেসিডেন্টের অভিশংসনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে পার্কের সায়েনুর দলের প্রায় ৩০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হবে।
 
দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা উ সাং-হোর বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, ক্ষমতাসীন দলের সহযোগিতার অভাবে অভিশংসন বিল পাস করাতে ব্যর্থ হলে এ সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। এদিকে ঘনিষ্ঠ বন্ধুর আর্থিক কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত পার্ক গত সপ্তাহে জানান, সাপ্তাহিক গণ বিক্ষোভের প্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে আগ্রহী। এই গণ বিক্ষোভে সিউলের রাজপথ এবং দেশের বিভিন্ন নগরীতে লাখ লাখ লোককে অংশ নিতে দেখা যাচ্ছে।
 
কিন্তু বিরোধী দল বলছে পার্কের এমন প্রস্তাব সময়ক্ষেপণ করার একটি প্রচেষ্টা মাত্র। এই অজুহাতে তিনি অভিশংসন এড়াতে চাচ্ছেন। অভিশংসন বিল পাস হলে এটি অনুমোদন প্রক্রিয়ার জন্য সাংবিধানিক আদালতে পাঠানো হবে। এই অনুমোদন প্রক্রিয়া শেষ করতে সর্বোচ্চ ছয় মাস সময় লেগে যেতে পারে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ