খুলনায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৫

খুলনায় প্রতিপক্ষেরহামলায় জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অজয় সরকারসহ  পাঁচজন আহত হয়েছেন। 
 
শনিবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, শনিবার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল। দুপুর ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার তার সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন। তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রবেশ করার পর প্রতিপক্ষের লোকজন অজয় সরকারের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় কুলি-ঘুষি লাঠিসোটার আঘাতে কাজল, চিন্ময়, সাহার ও রানাসহ চারজন আহত হয়। পরে দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অজয় সরকার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হলে পেটে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি সামান্য আহত হন।   
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অজয় সরকারের ওপর হামলা হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবো।
 
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, বিকাল সোয়া ৫টা পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/ইউবি