রোনালদোর ইনজুরি নিয়ে চিন্তিত নয় জুভেন্তাস

ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরি নিয়ে চিন্তিত নয় জুভেন্তাস। গেল সোমবার সার্বিয়ার বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে ম্যাচ খেলতে গিয়ে এই পর্তুগীজ থাই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচের পরপরই ৩৪ বছর বয়সী এই খেলোয়াড় জানিয়েছিলেন ইনজুরিটা গুরুতর নয়। আগামী ১০ এপ্রিল আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের আগে তিনি সুস্থ হয়ে মাঠে ফেরারও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি স্থানীয় গণমাধ্যমে বলেছিলেন, ‘আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই আমি মাঠে ফিরতে পারবো।’ জুভেন্টাসের পক্ষ থেকে থাইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে মাঠে ফেরার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। রোনালদোকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জুভেন্তাস জানিয়েছে।