স্বস্তি নিয়ে ফিরছেন মোশাররফ রুবেল

স্পোর্টস রিপোর্টার

এই সময়ে মাঠে থাকারই কথা ছিল তার। ঢাকা প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। কিন্তু হঠাত্ করেই স্পিনিং অলরাউন্ডার মোশাররফ রুবেলের মাথায় ধরা পড়ে টিউমার। সেই টিউমার অপসারণের জন্য গিয়েছিলেন সিঙ্গাপুরে। তবে স্বস্তির খবরই নিয়ে ফিরছেন রুবেল। তার টিউমারের বায়োপসি রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, রুবেলের টিউমারে ক্যান্সারের অস্তিত্ব নেই। শনিবার দেশে ফিরে আসবেন এই অলরাউন্ডার।

গত ১৯ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিখ্যাত নিউরো সার্জন ড. এলভিন হংয়ের তত্ত্বাবধানে সম্পন্ন হয় অস্ত্রোপচার। ওই দিন বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় অস্ত্রোপচার। শেষ হতে সময় লেগেছে তিন ঘণ্টার মতো।

অস্ত্রোপচারের পরই নিয়ম অনুযায়ী টিউমারের অংশ পাঠানো হয়েছিল বায়োপসি করার জন্য। মঙ্গলবার রাতে সেই রিপোর্ট এসেছে। রুবেলের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রিপোর্টে দেখা গেছে, ক্যান্সার নেই টিউমারে। তবে টিউমারটি ছিল মিডল গ্রেড। প্রথম গ্রেড টিউমারে ক্যান্সারের কোনো ঝুকি থাকে না। আর শেষ গ্রেড টিউমারে ক্যান্সার থাকে নিশ্চিত করে। মিডল গ্রেড টিউমার থেকে পরে ক্যান্সার হওয়ার ঝুকি থাকে। তাই রুবেলকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি নিতে হবে।

 দেশে ফিরে একমাস বিশ্রাম নেওয়ার পর আবার রুবেল সিঙ্গাপুর যাবেন কেমোথেরাপি ও রেডিওথেরাপি নেওয়ার জন্য।