চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এবং খুলনায় শিববাড়ী মোড়ে খুলনা বিভাগের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যুক্তি তুলে ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গণিত বিভাগের ছাত্র রনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরের এ সীমানা প্রাচীর অবরুদ্ধ করে রেখেছে ছাত্র সমাজকে; আমরা ত্রিশের দেয়ালের কারণে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।
মানববন্ধনের আয়োজক খুলনা বিএল কলেজের ছাত্র মো. মুনির হোসেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের জীবন থেকে ৪/৫ বছর কেরে নিয়েছে। এ সময় তিনি গত কয়েক বছরের সেশন জটের একটি চিত্র তুলে ধরেন।
২০০৮ সালের মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষায় সেশন জট ছিল-২ বছর ১১ মাস ১৮ দিন।
২০০৯ সালের মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষায় সেশন জট ছিল-৩ বছর ১ মাস ০৬ দিন।
২০১০ সালের মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষায় সেশন জট ছিল-৩ বছর ১২ দিন।
২০১১ সালের মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষায় সেশন জট ছিল-২ বছর ১১ মাস ১০ দিন।
২০১২ সালের মাস্টার ডিগ্রি ফাইনাল পরীক্ষায় সেশন জট ছিল-২ বছর ১১ মাস ২৭ দিন।
এই পরিসংখ্যানে দেখা যায় যে গত ৫ বছরে প্রতি শিক্ষাবর্ষে গড় সেশন জট ছিল ৩ বছর ২ দিন।
রাবি'র এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার। আরো উপস্থিত ছিলেন সাধারণ ছাত্র পরিষদ রাবি শাখার সভাপতি এলিন সাইদ উর রহমান, সাধারণ সম্পাদক শামীম হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মুনিরা আক্তার ঊষা, মাহবুব আলম, অসিত কুমার চন্দ্র, মোশাররফ হোসেন, লাকি প্রমুখ।
খুলনার মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা দেন আকরাম হোসেন, গোলাম মোস্তফা, শরমী আক্তার, সুমি, ইমরুল জাহাঙ্গীর প্রমুখ।
ইত্তেফাক/আরএ