'ডিবির পরিচয়ে আমার ছেলেকে নিয়ে যায়। নেওয়ার সময় বলেছিল- আপনার ছেলেকে ফিরিয়ে দিয়ে যাব। তিন বছর ধরে অপেক্ষা করছি। এখনো ডিবি পুলিশ আমার ছেলেকে ফেরত দেয়নি। আশায় আছি, ছেলেকে ফেরত দিবে।’
আজ রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গুম হওয়া ২০ পরিবারের পক্ষে এক সংবাদ সম্মেলনে ২০১৩ সালের চার ডিসেম্বর রাতে গুম হওয়া আবদুল কাদের মামুনের মা আয়েশা বেগম এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজিদুল ইসলাম সুমনের বড় বোন মারুফা ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়- আমাদের কারো ভাই, কারো বোন এখনো তাদের অপেক্ষায় আছেন। ২০১৩ সালের চার ডিসেম্বর রাতে গুমের শিকার হয়েছেন সাত জন। তাদের কারো মা, কারো বাবা অপেক্ষায় রয়েছেন। সন্তানরা ভুলেই গেছেন তাদের বাবার চেহারা। স্ত্রীদের চোখের পানি পড়তে পড়তে এখন আর তাদের চোখ দিয়ে পানি পড়ছে না।প্রধানমন্ত্রী একজন মা। সন্তান হারানোর কী বেদনা তা তিনি বুঝবেন। একমাত্র প্রধানমন্ত্রীই পারেন আমাদের হারানো আত্মীয়-স্বজনকে ফিরিয়ে দিতে।
২০১৩ সালের চার ডিসেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে জাহিদুল ইসলাম তানভীর, আবদুল কাদের ভূঁইয়া, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আলামিন, এম এ আদনান চৌধুরী ও কাওসার আহমেদকে ধরে নিয়ে যায়।
এছাড়া বিভিন্ন সময় বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মী গুমের শিকার হন। তাদের পরিবার আজ সংবাদ সম্মেলন করে ফিরিয়ে আনার আকুতি জানান।
ইত্তেফাক/কেকে