লেনদেন তিনমাসের মধ্যে সর্বনিম্ন

পুঁজিবাজারে দরপতন

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে দরপতনের মধ্যদিয়ে গতকাল লেনদেন শেষ হয়েছে। লেনদেনের পরিমাণ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর গতকাল কমেছে। ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৪০ লাখ ৭৩ হাজার টাকার। যা আগের কার্যদিবস থেকে ৩২ কোটি টাকা কম। এর আগে গত ১৮ ডিসেম্বর সর্বনিম্ন ৩৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানির ৬ কোটি ৪৮ লাখ ৪৭৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ৫৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫০২ দশমিক ৪৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৮ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ২৮১ দশমিক ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার। লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মুন্নু সিরামিকস, স্কয়ার ফার্মা, সিঙ্গার বাংলাদেশ, গ্রামীণ ফোন, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, ব্র্যাক ব্যাংক লি., ইন্দো-বাংলা ফার্মা ও কেপিসিএল।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মি. ফা.১, সিএন্ডএ টেক্সটাইল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল হেভি কেমিক্যালস,   ইউনাইটেড ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারী, ট্রাস্ট ব্যাংক লি., ইবিএল ফার্স্ট মি. ফা., ইউনাউটেড এয়ার ও প্রভাতী ইন্স্যুরেন্স। 

এদিকে গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।