নির্বাচন কমিশনের নির্দেশে কুমিল্লার বুড়িচং থানার ওসি প্রত্যাহার

কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে বুধবার ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্তে এক চিঠির প্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়। বুধবার সন্ধ্যায় তিনি (আকুল চন্দ্র বিশ্বাস) ওই থানার নবাগত ওসি মো. আনোয়ারুল হকের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। সংশ্লিষ্ট থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৩১ মার্চ ওই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

জানা যায়, বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাড. আবুল হাসেম খান দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। একই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আখলাক হায়দার আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে এ দুই প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। 

এদিকে, নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ নানাভাবে হয়রানী করা হচ্ছে বলে নির্বাচন কমিশনের নিকট অভিযোগ করেন দলের প্রার্থী অ্যাড. আবুল হাসেম খান। ওই অভিযোগে তিনি থানার ওসির অপসারণ দাবি করেছিলেন। 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন থেকে সহকারী সচিব নুর-নাহার ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের মহাপরিদর্শক বরাবরে পাঠানো হয়। ওই চিঠিতে বুধবার মধ্যে বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি নবাগত ওসি আনোয়ারুল হকের নিকট দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। 

আরও পড়ুন: খালেদা জিয়াকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ খোরশেদ আলম সাংবাদিকদের জানান, আকুল চন্দ্র বিশ্বাসকে বুড়িচং থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে