আসছে পানির নিচে শ্যুটিং করা ‘দ্য গাজি অ্যাটাক’

‘দ্য গাজি অ্যাটাক’-ই হতে চলেছে ভারতের প্রথম পানির নিচে ধারণ করা সিনেমা। টুইটারে দেয়া ঘোষণায় একথা জানিয়েছেন নির্মাতা করণ জোহর। তাঁর ধর্মা প্রোডাকশন উত্তর ভারতে এই ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে। শ্যুটিং পর্ব শেষ, এখন চলছে পোস্ট প্রোডাকশন।
 
এই ছবিতে নায়কের ভূমিকায় রয়েছে রানা ডগ্গুবতি ও নায়িকার ভূমিকায় দেখা যাবে তাপসী পন্নুকে। রানা এই ছবির সহ-প্রযোজক। দক্ষিণের পিভিপি এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে তিনি ছবিটি প্রযোজনা করেছেন। সম্প্রতি ছবির পোস্টারটি রিলিজ করা হয়েছে টুইটারে।
 
সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। ছবির অর্ধেকেরও বেশি অংশের শ্যুটিং হয়েছে পানির নিচে। এছাড়া সাবমেরিন সিকোয়েন্সগুলি যদি যোগ করা যায় তবে স্টোরিলাইন অনুযায়ী ছবির প্রায় ৯০ শতাংশ ঘটনাই ঘটবে পানির তলায়।
 
এরআগে বহু ভারতীয় ছবিতে পানির নিচে ধারণ করা সিকোয়েন্স দেখা গিয়েছে কিন্তু এখানে সিনেমার পটভূমিই আন্ডারওয়াটার তাই সব মিলিয়ে দর্শকদের কাছে বেশ অভিনব হবে ছবি দেখার অভিজ্ঞতাটা।
 
আগামী ১৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
 
ইত্তেফাক/এমএআর