ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলায় গৌরাঙ্গ মোহন্ত নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি রাস্তার পাশ থেকে একটি কড়ই গাছ কাটার অভিযোগ উঠেছে।
 
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি জানান, হুকুম আলী বাসস্ট্যান্ড-মথুরাপুর বাজার সরকারি রাস্তার পাশে প্রায় ২০ বছর আগে বিভিন্ন জাতের গাছ রোপন করেন ডিআইডিপি নামে বেসরকারি একটি সংস্থা। বর্তমানে ডিআইডিপি সংস্থার কার্যক্রম নেই। এ সুযোগে সোমবার সকালের দিকে মথুরাপুর বাজারের ব্যবসায়ী গৌরাঙ্গ মোহন্ত রাস্তার পাশ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের কড়ই গাছটি কাটতে থাকেন। বিষয়টি মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে জানানো হয়েছে।
 
ব্যবসায়ী গৌরাঙ্গ মোহন্ত বলেন, ‘কড়ই গাছটি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বড় হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। দোকানের বেচাকেনায় গ্রাহকদের চলাচলে বাধাগ্রস্ত হয়। তাই এ সমস্যা সমাধানের জন্য গাছটি কেটে ফেলা হচ্ছে। তবে, গাছ কর্তনের বিষয়ে সরকারি কোনো অনুমতি নেয়া হয়নি।’
 
মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ