পটিয়ায় পরিবেশ দূষণের দায়ে ফুলকলি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

পটিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা

পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ফুলকলি কারখানাকে পরিবেশ দূষণের দায়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান এ কারখানাকে জরিমানা করার পাশাপাশি এক মাসের মধ্যে কারখানা উপযুক্ত ক্ষমতার ইটিপি নির্মাণপূর্বক নির্গত তরল বর্জ্য পরিশোধন করার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বলেন, ফুলকলি কারখানার দূষিত তরল বর্জ্য পাশের সার্জেন্ট মহিআলম খালে নির্গমনের ফলে উক্ত খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। যা খালের পাশে অবস্থিত ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ ব্যাপকভাবে ব্যাহত করছে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের দূষিত বর্জ্য খালে নির্গমন হলে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে যায়। ইতিপূর্বে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হলে পুণরায় জরিমানা করে এক মাসের মধ্যে ইটিপি নির্মাণ করার নির্দেশ দেন।