চ্যাপেল-হ্যাডলি সিরিজে ফিরতে মরিয়া নিউজিল্যান্ড

অধিনায়ক স্টিভেন স্মিথের অধিনায়কোচিত ইনিংসের কল্যাণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে লিড এখন স্বাগতিকদের। তাই দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজের ফয়সালা করতে মরিয়া অসিরা। তবে অস্ট্রেলিয়ার এমন লক্ষ্য রুখে দিয়ে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর নিউজিল্যান্ড। 
 
তাই জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ক্যানবেরায় বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
 
এর আগে অনেকটা ব্যাকফুটে থেকেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামে অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে অসিরা। তাই বর্তমান সময়টা অস্ট্রেলিয়ার বিপক্ষেই বললে চলে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক জয়ের দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।
 
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অধিনায়ক স্মিথের দানবীয় ইনিংসের পর মাঠে তার নেতৃত্ব, ফিল্ডিং সবই মুগ্ধতা ছড়িয়েছে। স্মিথের ১৬৪ রানের দুর্দান্ত ইনিংসে ৬৮ রানের স্বস্তির জয় পায় অসিরা।
 
এই স্বস্তির জয়টাকে আরও বড় রূপ দেয়ার কথা বললেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সিরিজ জয়। সেই লক্ষ্যে প্রথম ধাপ ভালোভাবে পার করেছি আমরা। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই। যাতে চাপে না পড়তে হয় আমাদের। প্রথম ম্যাচ হেরে চাপে আছে নিউজিল্যান্ড। তাই ভালো অবস্থায় থেকেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামবো আমরা।'
 
সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলা হবে না গ্লেন ম্যাক্সওয়েল ও জেমস ফকনারের। কারণ প্রথম ম্যাচের একাদশ নিয়ে ক্যানবেরায় খেলতে নামবে অস্ট্রেলিয়া। এমনটাই বললেন হেড, ‘কোচ ও দলের ম্যানেজম্যান্ট আগের ম্যাচের কম্বিনেশনটাই রাখতে চাইছেন। তাই ম্যাক্সওয়েল ও ফকনারকে ছাড়াই আমাদের নামতে হবে। তারা খুবই ভালো খেলোয়াড়। যেকোন ম্যাচ ঘুড়িয়ে দেয়ার ক্ষমতা রাখে।’
 
প্রথম ম্যাচ হারলেও, সিরিজের দ্বিতীয় ম্যাচেই দল ঘুড়ে দাড়াঁবে এমনটাই প্রত্যাশা নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের। সিডনিতে ১১৪ রানের ইনিংস খেলেও, দলের হার ঠেকাতে পারেননি তিনি।
 
তাই দ্বিতীয় ওয়ানডেতে আরও ভালো ক্রিকেট খেলার ইঙ্গিত দিলেন গাপটিল, ‘প্রথম ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। স্মিথ আমাদের কাছ থেকে ম্যাচ নিয়ে গেছে। তার ইনিংসটি দারুণ ছিলো। আমাদের বোলাররা আরও ভালো করলে ম্যাচ আমাদের আয়ত্তে থাকতো। তবে কাল ভালো খেলে, সিরিজের সমতা আনবো আমরা।’
 
ইত্তেফাক/এমএইচ