জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, মামলা প্রত্যাহারের হুমকি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামালার শিকার গুরুতর আহত ব্যক্তি ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাভারের আশুলিয়ার গোরাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার রেফাজ উদ্দিন মন্ডল (৫৫) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

রেফাজ উদ্দিন মন্ডল বলেন, 'বছর বিশেক আগে আমি নিজের উপার্জিত টাকায় এক বিঘা জমি কিনি। আমার তিন ভাই কয়েক বছর ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছিলো। এ নিয়ে এলাকায় ও আশুলিয়া থানায় কয়েক দফা শালিস হয়। সর্বশেষ গত বছর নভেম্বর মাসে আশুলিয়া থানায় বসে পুলিশ ও স্বজনেরা বিষয়টি মিমাংসা করে দেন। এরপর থেকে আমার ভাইয়েরা প্রকাশ্যে কিছু না করলেও তাদের ভেতরে ক্ষোভ ছিল'।

তিনি আরও জানান, ক্ষোভের কারণে ১৭ মার্চ সকালে তার ভাই আক্কাছ আলী, সালাম ও লেহাজ উদ্দিন তাদের চার ছেলে ও অজ্ঞাতনামা আরও তিনজনকে নিয়ে তার ওই জমি দখল করতে যান। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি বাঁধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার দুই পা ও হাতে কুপিয়ে তাকে গুরুতর আহত করেন। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে হাঁতুড়ি দিয়েও আঘাত করা হয়। তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তারা তাকেও মারধর করেন। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ঘটনার এক দিন পর ১৯ মার্চ রেফাজ উদ্দিন মন্ডলের স্ত্রী সালমা বেগম আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আক্কাছ আলী, সালাম ও লেহাজ উদ্দিনসহ তাদের চার ছেলে ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়েছে। 

আরও পড়ুন:  আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩

রেফাজ উদ্দিন মন্ডলের স্ত্রী সালামা বেগম বলেন, 'মামলা দায়েরের পর থেকে আসামি পক্ষের লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নেওয়ার জন্য আমাদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে'। 

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, 'মামলা দায়েরের পর থেকে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। পাশাপাশি অভিযোগের তদন্ত করা হচ্ছে'।

ইত্তেফাক/ জেডএইচডি