শুরু হলো প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
১১দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও কে.এম শহিদউল্যাসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।
এবারের এই দাবায় অংশ নিতে যাওয়া দলগুলো হল- শেখ রাসেল মোমোরিয়াল স্পোর্টিং ক্লাব (বর্তমান চ্যাম্পিয়ন), বাংলাদেশ নৌবাহিনী (বর্তমান রানার্স-আপ), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (প্রথম বিভাগ থেকে উন্নীত), প্রথম বিভাগ থেকে উত্তীর্ণ মীর চেস ক্লাবের পরিবর্তে সাইফ স্পোর্টিং ক্লাব, তিতাস ক্লাব, প্রিতম প্রিজম চেস ক্লাব, লিওনাইন চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, সোনালী ব্যাংক ক্রীড় ও বিনোদন ক্লাব এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব।
প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন নিয়মিত খেলোয়াড় ও ২ জন অতিরিক্ত খেলোয়াড় থাকছে। খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। লিগের চ্যাম্পিয়ন দল ১ লাখ, রানার্স আপ দল ৬০ হাজার, তৃতীয় স্থান অধিকারী দল ৪০ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি ট্রফি ও মেডেল পাবে।
ইত্তেফাক/এমএইচ