টিভি কেনার আগে যা দেখা জরুরি

ঘরোয়া বিনোদনের ও পারিবারিক আড্ডার সবচেয়ে বড় অনুষঙ্গ টেলিভিশন (টিভি)। পরিবারের সদস্য কিংবা বন্ধু-স্বজনদের সাথে প্রিয় খেলা, সিরিয়াল, রিয়েলিটি শো, চলচ্চিত্র অথবা নাটক দেখা ও উপভোগের সময়টা হয়ে উঠে দারুণ এক আড্ডা। বছরের শেষ দিকে নতুন টিভি কেনার পরিকল্পনা করছেন অনেকেই। কিন্তু কোন টিভি বা কী ধরণের টিভি কিনবেন তা নিয়ে দ্বন্দ্বে ভোগেন প্রায় সবাই। টেলিভিশন কেনার ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীরা। 
 
এলইডি, এলসিডি, প্লাজমা, সিআরটি টিভিসহ নানা ধরণের টিভি রয়েছে বাজারে। কোরিয়ান কোম্পানি এলজি সম্প্রতি নিয়ে এসেছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ওএলইডি টিভি। স্মার্ট টিভি, গেম টিভি, সনাতনী টিভিরও রয়েছে নানা ধরণ। তাই টেলিভিশন কেনার আগে প্রথমেই সাধ ও সাধ্যের সমন্বয় করে ভালো ব্রান্ড পছন্দ করা জরুরি। বাজেট নির্ধারণের পরই যে কক্ষে বা স্থানে বসে টেলিভিশন দেখা হবে তার আকার বিবেচনায় আনতে হবে। এলইডি, এলসিডি ও প্লাজমা এই তিন ধরণের টিভির মধ্যে এলসিডির দাম অপেক্ষাকৃত কম। প্লাজমা টিভিতে বিদ্যুৎ খরচ বেশি। তাই এর চাহিদা ও জনপ্রিয়তা বাজারে কম। 
 
পছন্দের শীর্ষে এলইডি: 
 
সনাতনী সিআরটি টিভির জায়গাটি এখন এলইডি টিভির দখল করছে। সর্বশেষ প্রযুক্তির এ টিভি কম জায়গা জুড়ে থাকে এবং বিদ্যুৎ সাশ্রয়ীও। এলইডি টিভিতে কন্ট্রাস্ট অনুপাত উন্নত বলে তা চোখের জন্য অপেক্ষাকৃত বেশী আরামদায়ক। এলইডির জন্য প্যানেলের মান খুবই গুরুত্বপূর্ণ। বাজারে দুই ধরণের প্যানেল পাওয়া যায়। আইপিএস প্যানেল ও ভিএ প্যানেল। আইপিএস প্যানেলে রয়েছে বড় ভিউইং অ্যাঙ্গেল। ফলে এর ছবি যেমন ঘোলা হয় না, তেমনি দ্রুতগতির ভিডিও স্পষ্টভাবে দেখা যায়। 
 
টিভি কেনার আগে ক্রেতার বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে পরামর্শ দিয়ে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ’র হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স মাহমুদুল হাসান বলেন, চাহিদা ও সাধ্যের সমন্বয় করে কোন আকারের টিভি কেনা হবে তা নির্ধারণ করাটা জরুরি। এরপরই টিভির ছবি ও শব্দের মান যাচাই করতে হবে। প্রকৃত ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা কোন কোম্পানি কতটুকু দেয় তাও বিবেচনা করতে হবে। বর্তমানে হালনাগাদ মডেলের এলইডি টিভিগুলো ক্রেতারা বেশী পছন্দ করছেন। এলজির ২০১৬ এলইডি টিভিতে রয়েছে পাঁচটি আকর্ষনীয় গেম। এর বিক্রিও বেশ ভালো। 
 
রিজ্যুলুশন ও অন্যান্য: 
 
টিভি কেনার আগে রিজ্যুলুশন দেখাটাও জরুরি। এখন বাজারে এইচডি, ফুল-এইচডি এবং ইউএইচডি এলইডি টিভি পাওয়া যাচ্ছে। বেশি দূর থেকে টিভি দেখলে এইচডি টিভি কেনা যেতে পারে। আট ফুটের কম দূরত্ব থেকে টিভি দেখলে ফুল-এইচডির দিকে যেতে পারেন। 
টিভি কেনার আগে তাতে ইউএসবি পোর্ট ও এইচডিএমআই পোর্ট আছে কি না এবং পোর্টেবল হার্ডডিস্ক বা কোন ধরনের ডিজিটাল ফরম্যাট সমর্থন করে তা অবশ্যই যাচাই করতে হবে। এভিআই, কেএমভি, এমপিফোরসহ বিভিন্ন ধরণের ভিডিও ফরম্যাট সমর্থন করে এমন টিভি কেনা উচিত। 
 
ওয়ারেন্টি: 
 
সবশেষে ও সবচেয়ে জরুরি বিষয় ওয়ারেন্টি। দোকান বা শোরুমের প্রতিশ্রুত ওয়ারেন্টি সময়সীমার সাথে টিভি নির্মাতার বেঁধে দেয়া সময়সীমা ঠিক আছে কি না তা যাচাই করতে হবে। বর্তমানে এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশ প্যানেল এবং পার্টসের উপর ২ বছরের ওয়ারেন্টি এবং এক বছরের বিক্রয়োত্তর ফ্রি সেবা দিচ্ছে।