নাসিম আলী, পিরোজপুর অফিস
দেড় কোটি টাকা নতুন ব্যয় বরাদ্দ দিয়ে বনবিভাগ পিরোজপুরে রিভারভিউ ইকোপার্কের সংস্কার ও সৌন্দর্য বর্ধন প্রকল্প নামে যে কর্মসূচি হাতে নিয়েছিল তার অগ্রগতি অর্থাভাবে মাঝপথে থমকে আছে বলে জানা গেছে। ডিসি পার্ক নামে পরিচিত বলেশ্বর নদের তীরে অবস্থিত এই পার্কটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। তিন বছর আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ২০১৬ সালে এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়।
বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বনায়ন) মো. সাইদুল ইসলাম জানান, বরাদ্দকৃত অর্থের মধ্যে ৭৫ লাখ টাকার কাজ করা হলেও বাকি টাকা না পাওয়ায় ডিজাইন অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। যদিও কাজ সম্পন্ন করার সময় দুই বছর আগে উত্তীর্ণ হয়ে গেছে।
বিভাগীয় বন কর্মকর্তা আরো জানান, লক্ষ্য অনুযায়ী এ পার্কের উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য জলবায়ু ট্রাস্ট ফান্ডের কাছে প্রয়োজনীয় অর্থের জন্য আবেদন করা হয়েছে। এ অর্থ পেলে আগামী ডিসেম্বর মাস নাগাদ এ পার্কের উন্নয়ন কাজ সম্পন্ন করার নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জানা যায়, তিন কোটি টাকা ব্যয়ে আট বছর আগে বনবিভাগ শহরের নামাজপুরে এই পার্কটির নির্মাণ কাজ শুরু করে। নদীর কূল ঘেঁষে ৬.২৯ একর জমির উপর পার্কটির অবস্থান বলে এর নাম দেওয়া হয় ‘পিরোজপুর রিভারভিউ ইকো পার্ক’। শুরুতে এর নির্মাণ কাজে প্রায় দুই কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়। এরপর প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২০১২ সালে পার্কের আরো কিছু জরুরি কাজ সম্পন্ন হয়।
উল্লেখ্য, শহর থেকে দুই কিলোমিটার এবং বলেশ্বর ব্রিজ থেকে এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ পার্কে খুব অল্প সময়ে আসা যাওয়ার সুবিধা থাকায় প্রতিদিনই মানুষের কাছে এর কদর বাড়ছে। বনভোজন, বেড়ানো, আড্ডা দেওয়াসহ বিভিন্ন সুযোগ থাকায় বিভিন্ন বয়সের মানুষ এখানে ছুটে আসছে। জনপ্রতি মাত্র ১৫ টাকা প্রবেশ মাশুলে পার্কে ঢোকার এবং এক হাজার টাকার বিনিময়ে একদিনের জন্য বনভোজনের সুবিধা দেওয়া হচ্ছে এ পার্কে। বিভিন্ন সুবিধা থাকায় ক্লাব, সংগঠন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মৌসুমে বনভোজনে এ পার্কে আসছে। বিকালে পরিবার নিয়ে বেড়াতে আসছেন অনেকে, তরুণ-তরুণীরা আসছে আড্ডা দিতে।