র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর মিরপুর, পল্লবী ও দক্ষিণখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সাত নাইজেরিয়ান নাগরিক সহ আট জনকে গ্রেফতার করেছে।
র্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অপারেশন অফিসার আরিফ বিন জলিল বাসসকে জানান, নগরীর মিরপুর, পল্লবী ও দক্ষিণখান এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে চক্রের সদস্য সাত নাইজেরিয়ান নাগরিকসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ২২ টি মোবাইল ফোন সেট, দুইটি মডেম, প্রতি মোবাইল অপারেটরের সিমের স্কোর, কয়েকটি ভিসার মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, ডলার, বাহরাইন দিনার, নাইজেরিয়ান মুদ্রা এবং বাংলাদেশি ১ লাখ ৪১ হাজার টাকা এবং প্রতারণা কাজের বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান।
তারা মোবাইল ও মেসেজ পাঠিয়ে লটারির মাধ্যমে বড় অঙ্কের অর্থ পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করতো বলে তিনি জানান। এ বিষয়ে তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাসস।
ইত্তেফাক/আরএ