মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত সিদ্ধিরগঞ্জে নাসিকের ৮নং ওয়ার্ডে গণসংযোগ করেন ১৪ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। ওয়ার্ডের পাঠানটুলী, গোদনাইল, এনায়েতনগর, প্রধান বাজার, আইলপাড়া, চৌধুরীবাড়ি, তাঁতখানা এলাকায় গণসংযোগ কালে আইভী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের উন্নয়নে আমাকে নৌকা উপহার দিয়েছে। আমরা তার মর্যাদা রাখতে চাই।
আইভি বলেন, সকল প্রকার সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমার সংগ্রাম। সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়াই আমার একমাত্র লক্ষ্য। নৌকার ইজ্জতের মালিক আপনারা যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। বিগত ৫ বছরে সাধ্যমত উন্নয়ন করেছি। আমার অসম্পূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ২২ ডিসেম্বর আমাকে নির্বাচন করে সকল অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার আরেকবার সুযোগ চাই।
তিনি আরো বলেন, ‘আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি চাচ্ছি সকল এলাকাতে যেতে। মানুষকে ভোট দিতে আহ্বান জানাতে চাই। বিগত দিনে আমি চেষ্টা করেছি সাধ্যমত উন্নয়ন করতে। চেষ্টা করেছি উন্নয়ন শেষ করতে। অনেক উন্নয়ন হয়েছে, অনেক উন্নয়ন চলমান আছে। বিগত নির্বাচনেও আমার জন্য মা-বোনেরা এগিয়ে এসেছিল। এবারও আসছেন। শুধু নারী না পুরুষেরাও আসছেন। আমি মনে করি এটাই আমার সার্থকতা। অনেক তরুণ ভোটাররাও আসছেন। আমি বিগত দিনে কোন দলবাজি করি নাই। শুধু উন্নয়ন করেছি।’
গণসংযোগের সময় আইভী বক্তব্য দেয়ার চেয়ে বেশি এলাকাবাসীর খোঁজ-খবর নিয়েছেন। কুশল বিনিময়, দেখা সাক্ষাত করাই ছিল মূল লক্ষ্য। তবে বার বার ভোটারদের উদ্দেশ্যে বলেছেন এবার আমার মার্কা নৌকা। গতবার দোয়াত কলম মার্কায় ভোট দিয়েছেন, এবার আমাকে নৌকা মার্কায় ভোট দিবেন।
আইভীর গণসংযোগের সময় ধীরে ধীরে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। আইভীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকার সাধারণ মানুষ। অনেকে এ সময় তার উন্নয়ন কাজের (রাস্তা) প্রশংসা করেন। এক পর্যায়ে এক বৃদ্ধা আইভিকে ফুলের মালা দিয়ে বুকে জড়িয়ে ধরেন। শিশুরা নৌকা নৌকা স্লোগান দিতে থাকলে আইভী বেশ কিছুক্ষণ শিশুদের সঙ্গে সময় ব্যয় করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরএ