মুরাদনগরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

আগামী রবিবার চতুর্থ ধাপে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটি রাস্তার মোড়, বাজার, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়ে ও শোডাউনের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় কোনো প্রার্থীই পিছিয়ে নেই। সকাল, দিন ও রাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ছেলে আহসানুল আলম সরকার কিশোর (নৌকা), সাবেক যুবদল নেতা গোলাম কিবরিয়া সরকার (কাপ-পিরিচ), অধ্যক্ষ তসলিম মিয়া (আনারস), জাতীয় পার্টির নাজমা বেগম (লাঙ্গল) নির্বাচন করছেন।

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীকাইল ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি আইনজীবী আবুল কালাম আজাদ তমাল (চশমা), কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও কোম্পানীগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (উড়োজাহাজ), উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল (তালা), উপজেলা বিআরডিভির চেয়ারম্যান আলী ইমাম কাউছার রুবেল (বই), বাঙ্গরা বাজার থানার যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ নজরুল (টিউবয়েল), কুমিল্লা উত্তর জেলা মত্স্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সী (টিয়া পাখি) ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম (মাইক)। তবে মার্কা পাওয়ার আগে থেকেই চশমা, তালা ও উড়োজাহাজের প্রার্থীরা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা (হাঁস), কুলসুম হাসান মিতু (কলস) ও আসমা বেগম রতনা (পদ্মফুল)। তবে ভোটের মাঠে দুইজন প্রার্থী নতুন মুখ হওয়ায় এগিয়ে রয়েছেন পর পর দুইবারের ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা।