গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর থানায় নেয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই চাঁদাবাজির মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই রুহুল আমীন জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কারাবন্দী মেয়রকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে থানায় আনা হয়। তাকে থানা হাজতে রাখা হয়েছে। রাতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে পাঠানো হবে।
যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। ২২ মামলায় জামিনের পর হাইকোর্ট থেকে সর্বশেষ জামিন লাভ করে চলতি বছরের ২ মার্চ তিনি কারামুক্ত হন। এপ্রিল মাসে তিনি মেয়র পদ ফিরে পান। দায়িত্ব গ্রহণের আগে চলতি বছরের ১৫ এপ্রিল মান্নান ফের নাশকতার তিন মামলায় গ্রেফতার হন।
তারপর থেকে তিনি কারাগারে আটক আছেন। কারাগারে থাকা অবস্থায় সহ এ পর্যন্ত তার বিরুদ্ধে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর থানায় ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরএ