মঠবাড়িয়ায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের তালাবদ্ধ একটি কক্ষ থেকে এসব দেশীয় ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দাঙ্গা-হাঙ্গামার জন্য অস্ত্র ও লাঠিসোটাগুলো মজুদ করা হয়েছিল।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল ও মঠবাড়িয়া থানা পুলিশ যৌথভাবে উপজেলার ১১নং বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায়। এ সময় ভবনের দ্বিতীয়তলার একটি অব্যবহূত তালাবদ্ধ কক্ষে মজুদকৃত ধারাল সাতটি বগি দা, ১১ পিস এসএস পাইপ ও বস্তাভর্তি গাবগাছের ২০০ পিস লাঠি উদ্ধার করে। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মো. শওকত আনোয়ার জানান, অভিযানের সময় ভবনে কেউ না থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রগুলো থানায় আনা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সকলকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।