নেত্রকোনার কেন্দুয়া উপজেলার জল্লী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মঙ্গলবার সন্ধ্যায় ট্রিপন মিয়া (১৯) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মুতাসিমুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ট্রিপন মিয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর গ্রামের জাহিদ মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে জল্লী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বখাটে ট্রিপন মিয়া উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় লোকজন বখাটে ট্রিপনকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যার দিকে উত্যক্তকারী ট্রিপনকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সে দোষ স্বীকার করায় আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেন।