শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, মানুষের জীবন শুধু কাজের জন্যই নয়, বিনোদনেরও প্রয়োজন রয়েছে। সংগীত মানুষকে মোহিত করে, চিত্তবিনোদনের খোরাক যোগায়। তাই কাজকর্মের পাশাপাশি সংগীত চর্চাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
মঙ্গলবার রাতে শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে বরহামগঞ্জ ললিতকলা একাডেমি মিলনায়তনে শ্রেষ্ঠ সংগীত শিল্পী অন্বেষণে শিবচর ওয়ান-২০১৯ সিজন-২ এর সংগীত প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিফ হুইপ এসব কথা বলেন।
বরহামগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি কাদের খান মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।